সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সচিবালয়ের ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, খাবারের মান বা সেবার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।
সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন চালানো হবে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ক্যান্টিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী ক্যান্টিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে খাবারের গুণগত মান, সেবা এবং ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।
একইসঙ্গে ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আফরোজা খানম বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তাই তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।
পরিদর্শন শেষে মন্ত্রী ক্যান্টিনের অবকাঠামোও ঘুরে দেখেন। তিনি বলেন, বর্তমান ক্যান্টিনের পরিসর তুলনামূলক ছোট হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে এটি আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সবাই আরও স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করতে পারেন।
আফরোজা খানম বলেন, ক্যান্টিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নিয়মিত আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ বা সেবার বিষয়ে যেকোনো অভিযোগ বা পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান। তিনি বলেন, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পরিদর্শন শেষে ক্যান্টিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।