কিশোরগঞ্জের কটিয়াদীতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরাভিটা গ্রামে ঘটনাটি ঘটে।
জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ মাস আগে দেশে ফিরে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর মাগুরাভিটা বিলে টর্চলাইটের আলোয় মাছ শিকারে বের হন জাকির হোসেন। কয়েক ঘণ্টা পর জাকির হোসেনের ভগ্নিপতি হান্নান মিয়া বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বুকে একটি ছুরিবিদ্ধ অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।