সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতল ম্যানচেস্টার

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
-সংগৃহীত ছবি

শেষ ৫ বলে দরকার ছিল মাত্র ৩ রান। সমীকরণ সহজ হলেও টানটান উত্তেজনায় জমে উঠেছিল দ্য হান্ড্রেডের ফাইনাল। বেন স্যান্ডারসনের প্রথম দুই বলে ব্যাটে-বলে করতে পারেননি লিয়াম ডসন। তৃতীয় বলে লেংথ ডেলিভারিতে স্লগ করে বল সীমানা পার করে দেন তিনি। সেই ছক্কাতেই ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দ্য হান্ড্রেডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

লর্ডসে আগে ব্যাট করে ১০০ বলে ১৫৮ রান করে ট্রেন্ট রকেটস। জবাবে টিম সাইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় ম্যানচেস্টার। ৭ ছক্কায় ৩৮ বলে ৭২ রান করেন নিউজিল্যান্ডের এই ওপেনার। পল ওয়াল্টার ১৪ বলে ২২ ও জস বাটলার ১৪ বলে ২৩ রান করে দলের রান তোলার গতি ধরে রাখেন।

সাইফার্টের বিদায়ের পর অবশ্য ম্যাচে নাটকীয়তা তৈরি হয়। মোহাম্মদ আমির দ্রুত হাইনরিখ ক্লাসেন ও মাইকেল ব্রেসওয়েলকে ফিরিয়ে দিলে চাপে পড়ে ম্যানচেস্টার। তবে লুয়াস ডু প্লয় ১৮ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জয়ের পথে রাখেন। শেষ পর্যন্ত ডসনের ছক্কায় আসে কাঙ্ক্ষিত জয়।

ফাইনালের নায়ক ডসন হলেও ম্যানচেস্টারের জয়ের মূল ভিত্তি ছিলেন সাইফার্ট। পুরো টুর্নামেন্টে ১৬৮.৩৭ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। শিরোপা জয়ের পথে শেষ পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৬২*, ৫৫, ৮০* ও ৭২ রানের ইনিংস।

দুই সপ্তাহ আগেও বিদায়ের শঙ্কায় ছিল ম্যানচেস্টার। অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার পর জস বাটলারের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় দলটি। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে তারা।

এর আগে ট্রেন্ট রকেটসের হয়ে বেন ডাকেট ২৪ বলে ৩১ ও আনেউরিন ডোনাল্ড ১৯ বলে ৩৮ রান করেন। শেষদিকে লুইস গ্রেগরি ১৬ বলে ৩২ রান করে দলকে ১৫৮ রানে নিয়ে যান। ম্যানচেস্টারের হয়ে আফগান স্পিনার নুর আহমাদ ৩৩ রানে নেন ৩ উইকেট।

ম্যানচেস্টার ফ্র্যাঞ্চাইজির আগের নাম ছিল ম্যানচেস্টার অরিজিনালস। ২০২২ ও ২০২৩ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। মালিকানা পরিবর্তনের পর লখনউ সুপার জায়ান্টসের মালিকানায় এসে নাম বদলে হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস। নতুন পরিচয়েই প্রথমবার শিরোপার স্বাদ পেল দলটি।

এটি শুধু ম্যানচেস্টার ফ্র্যাঞ্চাইজির নয়, সুপার জায়ান্টস গ্রুপেরও প্রথম ট্রফি। আইপিএলের লখনউ সুপার জায়ান্টস ও এসএ২০-এর ডারবানস সুপার জায়ান্টসের ব্যর্থতার পর দ্য হান্ড্রেডেই প্রথম বড় সাফল্য পেল তারা।

ছেলেদের ফাইনালে ট্রেন্ট রকেটস হারলেও মেয়েদের আসরে শিরোপা জিতেছে তারা। সানরাইজার্স লিডসকে ৮ উইকেটে হারিয়ে ৪৬ বল হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় রকেটস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর