শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটকের ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে। শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক ঘোষণায় জানানো হয়, টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এসেছে। তবে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন সংক্রান্ত কোনো মামলায় এটি এযাবৎকালের অন্যতম বৃহত্তম অর্থ আদায়ের ঘটনা। এ আইন অনুযায়ী, পিতামাতার অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা ওয়েবসাইটগুলোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন যৌথভাবে ২০২৪ সালে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিল। সেখানে অভিযোগ করা হয় যে, পিতামাতার অনুমতি ছাড়াই লাখ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে প্ল্যাটফর্মটি।

তারা দাবি করে, টিকটক শিশুদের অ্যাপটি ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের বাবা-মাকে না জানিয়েই এই তরুণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করেছে। এমনকি ১৩ বছরের কম বয়সীদের জন্য তৈরি ’কিডস মোড’-এ খোলা অ্যাকাউন্টগুলো থেকেও ইমেইল ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে মামলায় দাবি করা হয়।

বিচার বিভাগ জানিয়েছে, ’এই মীমাংসার অধীনে, টিকটক অবিলম্বে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। এছাড়া টিকটকের পূর্বসূরি ‘মিউজিক্যালি’-এর বিরুদ্ধে জারি করা আগের একটি আইনী নিষেধাজ্ঞা জারির আদেশ বাতিলের পর আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে।’

২০১৪ সালে বাজারে আসা ‘মিউজিক্যালি’ ছিল একটি অত্যন্ত জনপ্রিয় লিপ-সিঙ্কিং ও শর্ট-ভিডিও অ্যাপ। ২০১৭ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’ ১ বিলিয়ন ডলারে মিউজিক্যালি অ্যাপটি কিনে নেয়। ২০১৮ সালে বাইটড্যান্স তাদের নিজস্ব অ্যাপ ‘টিকটক’-এর সাথে মিউজিক্যালি-কে সম্পূর্ণ একীভূত করে দেয় এবং মিউজিকৗালী অ্যাপটি চিরতরে বন্ধ হয়ে যায়। তাই মিউজিক্যালির বিরুদ্ধে আসা শিশুদের ডাটা চুরির দায়ও টিকটক ও বাইটড্যান্সের ওপর এসে পড়ে। এবার নতুন অভিযোগ নিষ্পত্তির সাথে সাথে আগের ঝামেলাটিও মিটিয়ে নিতে চায় বাইটড্যান্স ও টিকটক। তাই মিউজিক্যালির বিরুদ্ধে আগের আইনী নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা বাকি ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে টিকটকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর