রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি স্মার্টফোন, কম্পিউটার, রাউটার, ইউপিএস ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, জব্দ ডিভাইসগুলো প্রাথমিকভাবে পর্যালোচনায় অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ভিপিএন ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দুটি আইফোনে Polymarket প্ল্যাটফর্ম ব্যবহার এবং ডলার লেনদেনের তথ্যও পাওয়া যায়। একটি ডিভাইসের টেলিগ্রাম হিস্টোরিতে পাঁচ শতাধিক জিমেইল আইডি ও পাসওয়ার্ড-সংক্রান্ত তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে বুধবার নগদ অর্থ চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হৃদয় হোসেনকে (২৪) সংক্ষিপ্ত বিচার শেষে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই দিন রাজপাড়া থানায় দুই গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার বাচ্চুকে (৫০) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।