সিরাজগঞ্জের কাজিপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,. পল্লী বিদ্যুৎ সমিতি কাজিপুর ডিজিএম মাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমীর দেব খোকন প্রমুখ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক যোগাযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এছাড়া পূজা চলাকালে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও সমস্যা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।এ বছর কাজিপুরে ২৩ টি পুজা মন্ডপে পুজা উদযাপন করা হবে।