রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির বস্তু। আর পরনে থাকা অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট। এভাবে শরীরের ভেতরে ও পোশাকে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন দুবাইফেরত এক যাত্রী। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে তাঁর এই কৌশল। পরে তাঁর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তাঁর নাম হাসান মিয়া। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর রেক্টামে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর তাঁর শরীর থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় পাওয়া যায় আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি।
কর্মকর্তারা জানান, উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তা নেওয়া হতে পারে।