ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহারকরে অপপ্রচার, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সেলিম খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি ফোর্সেস (এসআরবি-১৪)।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান এসআরবি লিগ্যাল এন্ড মিডিয়া উইং,
উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ইন্তেখাব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ফোর্সেস জানতে পারে, টাঙ্গাইল সদর থানাধীন সার্কিট হাউজ সংলগ্ন বাজার এলাকায় জনৈক আইয়ুব খানের ভাড়াটিয়া সেলিম খান দীর্ঘদিন ধরে তার ব্যবহৃত স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতারণামূলক ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত (১৪ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় আসামির হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিলভার রঙের স্মার্ট মোবাইল ফোন (দুটি সিমকার্ডসহ) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত সেলিম খান উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের গণ্যমান্য ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক পেইজ পরিচালনা করত (যার মধ্যে “Tarique Rahman Fans”, “Zaima Rahman” এবং “Journalist Elias Hossain Fans” নামক পেইজ অন্যতম)। এসব পেইজ ব্যবহার করে সে নিয়মিতভাবে বিভ্রান্তিকর, মানহানিকর এবং সমাজে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দেওয়ার মতো পোস্ট প্রচার করত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেসের গোয়েন্দা নজরদারি ও ফলো-আপ অপারেশন অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।