সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদে ৭০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এডিপি’র অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সূর্বণা ইয়াসমিন সুমি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার কৃষকদের বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে। স্প্রে মেশিনের মাধ্যমে কৃষকরা সহজে ও সময়মতো জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করতে পারবেন, ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং নিরাপদ কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্প্রে মেশিন পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। কৃষকরা বলেন, আগে হাতে স্প্রে করতে অনেক সময় ও কষ্ট লাগত। এখন এই মেশিন পেয়ে আমাদের কাজ অনেক সহজ হবে এবং কম সময়ে জমিতে ওষুধ দেওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, রাশেদুল ইসলাম শহিদ, শরিফুল ইসলাম, উপ-সহকারী সোহেল আরমান, আব্দুল আলীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।