ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে ৬০০ বস্তা সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার উচাখিলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউশন দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
অভিযানে খুচরা সার বিক্রেতা নুর এ আলমের দোকানে অবৈধভাবে মজুদ করা ৬০০ বস্তা সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া একই আইনে শ্যামল চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও সানজিদা রহমান বলেন, কৃষকদের কাছে সারের সঠিক বিপণন নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকট ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।