যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অভিবাসন আটককেন্দ্রের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ নারী। তার অভিযোগ, ওই কর্মকর্তা যৌন সম্পর্কের বিনিময়ে তাকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাগারে পাঠানো ও দেশ থেকে বহিষ্কারের হুমকিও দেন তিনি।
রাহাফ আলী আলমেরহিজ নামের ওই নারী লুসি ওয়াইজ নামেও পরিচিত। নিজের পরিচয় প্রকাশে সম্মতি দিয়ে তিনি নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) মহাপরিদর্শকের কার্যালয়েও হলফনামা দিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।
আলমেরহিজের অভিযোগ, মার্কেল ওয়ালেস নামের এক অভিবাসন ও শরণার্থী বহিষ্কার কর্মকর্তা তাকে টেক্সাসের রেমন্ডভিল শহরের এল ভ্যালে আটককেন্দ্রের একটি নির্জন কক্ষে নিয়ে যান। কক্ষটি বাইরে থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সেখানে ওই কর্মকর্তা তার সম্মতি ছাড়াই যৌন স্পর্শ করেন বলে অভিযোগ করেন তিনি।
ওই কর্মকর্তা তাকে বলেছেন, আমি তোমাকে গ্রিন কার্ড পাইয়ে দেব। এ সময় তিনি আরও বলেন, তোমার স্বামী বয়স্ক। সে তোমার কিছুই করতে পারবে না। আমিই তোমাকে সাহায্য করতে পারি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের (আইসিই) তত্ত্বাবধানকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। নিউজউইককে দেওয়া এক বক্তব্যে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এল ভ্যালে আটককেন্দ্রে অসদাচরণের অভিযোগ ‘মিথ্যা’।
তবে মুখপাত্র বলেন, এ ধরনের অসদাচরণের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
নিউজউইক জানিয়েছে, আলমেরহিজের সাক্ষাৎকার ও হলফনামার বাইরে অভিযোগগুলোর সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অর্থাৎ, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ওই নারীর বক্তব্যই প্রধান ভিত্তি।