রাজধানীর কমলাপুর আইসিডি ক্যাম্পে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতা ও মানবিকতায় অপহৃত এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ এপ্রিল বিকেলে কমলাপুর আইসিডি ক্যাম্পের গেট দিয়ে প্রায় ৮ বছর বয়সী এক অজ্ঞাত শিশু প্রবেশ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। এ সময় কর্তব্যরত প্লাটুন কমান্ডার মো. জিয়াউর রহমান শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
শিশুটি জানায়, ১৪ এপ্রিল দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ভালো খাবারের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠেন গার্ডে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা। তবে পরিস্থিতি টের পেয়ে অপহরণকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শিশুটির দেওয়া ঠিকানার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। অবশেষে ১৬ এপ্রিল ভোরে সন্তানের খোঁজ পেয়ে ক্যাম্পে ছুটে আসেন অভিভাবকরা।
যথাযথ যাচাই-বাছাই শেষে আনসার সদস্যরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় সন্তানের ফিরে পাওয়ায় আনন্দে আপ্লুত অভিভাবকরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ঘটনায় অঙ্গীভূত আনসার সদস্যদের দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিকতা আবারও প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।