আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। হরমুজ প্রণালি সাময়িকভাবে উন্মুক্ত রাখার ঘোষণা এবং যুদ্ধবিরতি ঘিরে ইতিবাচক সংকেতের জেরে এ পতন ঘটে।
শুক্রবার লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩৮ ডলারে নেমে আসে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতির সময় প্রণালিটি ‘সম্পূর্ণ খোলা’ থাকবে। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নৌপথটি ‘পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত’।
তবে তিনি একই সঙ্গে ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকার কথাও জানান।
তবে শনিবার অবস্থান আংশিক পরিবর্তন করে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা বজায় থাকবে। এতে বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে যেকোনো বাধা সরবরাহ সংকট তৈরি করে তেলের দাম দ্রুত বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
এদিকে, যুদ্ধবিরতির সময়সীমা (২২ এপ্রিল) ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পাকিস্তান নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার উদ্যোগ নিচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, শনিবার হরমুজে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। যদিও
যুদ্ধের আগে যে স্বাভাবিক গতি ছিল, তার তুলনায় এখনো অনেক কম।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।
সূত্র: আল জাজিরা