ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতখান থানাধীন বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ৬টি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে ভেজাল ভোজ্য তেল ধ্বংসের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
কোস্ট গার্ড জানায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।