সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার ১২ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরছিল। এ সময় দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।
পরদিন ২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে এক জেলে বিষয়টি ট্রলারের মালিককে জানান। খবর পেয়ে ট্রলার মালিক অনতিবিলম্বে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তার আবেদন জানান সংবাদ পাওয়ার পরপরই কোস্টগার্ড স্টেশন দুবলার একটি চৌকস উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। তারা দ্রুত গভীর সমুদ্রে গিয়ে বিকল ট্রলারসহ ১২ জন জেলেকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে ট্রলারসহ জেলেদেরকে স্ব-স্ব মালিকপক্ষের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সাগরে যেকোনো জরুরি প্রয়োজনে জেলে ও মাঝিমাল্লাদের সহায়তায় কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।