আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। তবে মাঠের লড়াইয়ের আগেই চলছে সমর্থকদের ভোটের লড়াই।
টুর্নামেন্ট ঘিরে দর্শক ও সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে চালু করা হয়েছে ‘ফ্যান কাপ ভোটিং’। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়কে ভোট দিতে পারবেন সমর্থকেরা। ভোটগ্রহণ চলবে আগামী ১৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
ভোট দিতে টুর্নামেন্টের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজের ই-মেইল ঠিকানা ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। একটি ই-মেইল ঠিকানার বিপরীতে দেওয়া যাবে মাত্র একটি ভোট। এ ক্ষেত্রে ই-মেইল ঠিকানা যাচাই কিংবা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই।
ভোট দেওয়ার পর কিংবা যেকোনো সময় ওয়েবসাইটের ‘ফ্যান কাপ লিডারবোর্ড’ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভোটের অবস্থান জানা যাবে। সেখানে দেখা যাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট ভোট, ভোটের শতকরা হার এবং প্রতিদিনের ভোটের হিসাব। পুরো ভোটিং কার্যক্রম সরাসরি ওয়েবসাইটে পর্যবেক্ষণ করা যাবে।
তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। টুর্নামেন্ট সামনে রেখে গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আগামী ২৫ অক্টোবর এবিজি বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে ক্রিকেট ও ফুটবলের এই আসর। ফ্লাডলাইটের আলোয় রাতে অনুষ্ঠিত হবে দুই খেলার প্রতিযোগিতা।
টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় শিরোপার জন্য লড়বে বিশ্ববিদ্যালয়গুলোর দল। চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে আয়োজকেরা। আকর্ষণীয় এই পুরস্কারের পাশাপাশি পেশাদার পরিবেশে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এবিজির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।
অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাঁদের জন্য অত্যন্ত গর্বের। তাঁদের মতে, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দক্ষতা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।