সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথি হামলার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অঙ্গীকার সৌদির দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার দাবি হুতিদের ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে আজ স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার বরদাশত করা হবে না: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনলাইন ডেস্ক: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ছবি: বাফুফে

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের মেয়েদের। বাছাইপর্বের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কোচ সাইফুল বারী টিটুর দল। ৭৩ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রাখলেও শেষদিকে তিন গোল হজম করে হতাশ হতে হয়েছে আলপি-ফাতেমাদের।

রবিবার (১১ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেনস এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

মূলপর্বে জায়গা করে নিতে হলে ফিলিপাইনের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। অন্যদিকে ড্র করলেই পরবর্তী পর্ব নিশ্চিত হতো ফিলিপাইনের। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে প্রতিপক্ষ।

ম্যাচের ১৬ মিনিটে ফিলিপাইনের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়। সাত মিনিট পর কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া আরেকটি শটও ঠেকিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে কিছুটা ধার বাড়ায় বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে মৌসুমীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপি আক্তারের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে গোলের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় লড়াই চালিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। তবে ৭৩ মিনিটে ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। বাঁ দিক থেকে আসা ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের এক ডিফেন্ডার। বল পেয়ে দ্রুত শটে জালে পাঠান ফিলিপাইনের মায়া রোজ বাসকারা।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু সেই সুযোগে ম্যাচের শেষ দিকে আরও দুইবার বাংলাদেশের জালে বল পাঠায় ফিলিপাইন। নোয়েল্লে গ্রানজারের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ে গ্রুপের দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টসহ ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। অন্যদিকে এক জয় ও ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করেছিল বাংলাদেশ। ফিলিপাইনও প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করেছিল।

শেষ ম্যাচে জয়ের সমীকরণ মেলাতে না পারায় এবার আর এশিয়ান কাপের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের কিশোরীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর