নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। পরে মামলা দুটিতে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।