রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
জুয়েল রানা বলেন, শ্যামলী বাসস্ট্যান্ডে ডিএমপির নিয়মিত চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতেনাতে মো. রাসেল (২২) নামে একজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে চারটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি পেশায় প্রাইভেটকারচালক বলে জানা গেছে।
এডিসি জুয়েল রানা আরও বলেন, গ্রেফতার রাসেলকে আদাবর থানায় নেওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী তথ্য পরে জানানো হবে।