শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পরপর দুই রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন

রাজশাহী প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রথম রাতে পেট্রোল বোমা ছুড়েও আগুন ধরাতে পারেনি দুর্বৃত্তরা। পরদিন রাতেই আরও সংগঠিতভাবে ফিরে আসে তারা। এবার শুধু পেট্রোল বোমা নয়, সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্রও। রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে এমন হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে হামলাকারীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। একের পর এক হামলায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানোর পরও দ্বিতীয় রাতে হামলার ঘটনায় রাতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে আছেন কর্মীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পর থানায় এজাহার দেওয়া হয়। বাড়ানো হয় উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যাও। কিন্তু তাতেও হামলা ঠেকানো যায়নি।

শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। আগুন লাগার পর কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নেভান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।’

তিনি আরও বলেন, ‘পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।’

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, ‘আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুইজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। তাদের পাহারা ছিল। এরপরও পরের রাতেই আবার হামলার ঘটনা ঘটে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রথম দিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর