নৌ পুলিশের অভিযানে ঢাকা জেলার সাভার এলাকায় সংঘটিত একটি ডাকাতি মামলার আসামি মজিবর রহমান ওরফে টেক্কা (৫৩) কে গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের পূবাইল থানাধীন মাঝুখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আব্দুল্লাহ্ আল-মামুন-এর নির্দেশনায় এবং মাহফুজুর রহমান-এর নেতৃত্বে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ দাউদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
আজ রাতে নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে ডিএমপি, ঢাকা জেলা, বরগুনা ও শরীয়তপুর জেলায় খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মতো গুরুতর অভিযোগসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে। বর্তমানে তাকে নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১ জুলাই দিবাগত রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকায় করে সাভারের বিরুলিয়া ইউনিয়নের উত্তর উলুমুড়ার তুরাগ নদীতে অবস্থানরত একটি ড্রেজারে হামলা চালায়। ডাকাতরা শাবল দিয়ে ড্রেজারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টাফদের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাটারি, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
একই রাতে ভাই ভাই এন্টারপ্রাইজ-৩, রিহান এন্টারপ্রাইজ এবং হাওলাদার আনলোড ড্রেজার-১ ও ৩ থেকেও বিভিন্ন মালামাল ও নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় চাঁদাবাজি ও ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলার অগ্রগতিতে এর আগে আরও দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
নৌ পুলিশ আরও জানিয়েছে,এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।