দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রাম জেলার নয় উপজেলায় একযোগে অভিযান চালিয়ে ১৭৪টি ‘চায়না দুয়ারি’ (রিং জাল) ও ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে জেলার নয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) ও ৫২টি কারেন্ট জাল জব্দ করা হয়। বুধবার দুপুরে সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দ করা সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির মতো ক্ষতিকর জাল নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ ধ্বংস করে মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি করছে। মৎস্যসম্পদ রক্ষা জাতীয় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, অবৈধ জালের ব্যবহার বা ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
জেলা প্রশাসন জানায়, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।