জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ এর সংসদ সদস্য ও গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত মমতাজ আলো বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে এত ঘৃণা ছড়িয়েছে, কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ যেন অবশ্যই এই সুবিধা পায়। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে।
বুধবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মমতাজ আলো বলেন, ১৭ বছর আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি। তারা মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের পরিবারও রেহাই পায়নি। তাদের বাক-স্বাধীনতা ছিল না। বর্তমান সরকার দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের কাজের সুযোগ করে দিতে হবে। কারণ অনেকেই এখনো বেকার, হতাশাগ্রস্ত এবং মূল্যায়িত হননি।
তিনি বলেন, আমরা বিগত সরকারের মতো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। তাদের আন্দোলনের ফলেই আজ আপনারা এখানে দায়িত্ব পালন করতে পারছেন।
তিনি আরও বলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সঙ্গে নিয়ে গাইবান্ধার উন্নয়নে কাজ করব।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী প্রমুখ।
শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।