রাজধানীর যাত্রাবাড়ী ও সবুজবাগে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০টি ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত দুজন হলেন– মো. জজ মিয়া (৫১) ও মো. জুলহাস মিয়া (২১)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জজ মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে একই দিন বিকাল ৩টা ৫৫ মিনিটে সবুজবাগ থানার বৌদ্ধ মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে জুলহাস মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।