কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়নের পৃথক বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্ট পিস, বিদেশি মদ, চোরাচালানি গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ মালামাল। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২২-বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।