নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মাঈনকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার রাতে জেলার বেগমগঞ্জের মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাঈন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর এলাকার বাসিন্দা। তিনি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, ৫ সেপ্টেম্বর বিকালে সোনাইমুড়ী উপজেলার নজরপুর এলাকায় বেচা গাজীর বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবু বকর ও তার ছেলে মো. ইউসুফের ওপর হামলা চালানো হয়। এ সময় মাঈনসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করেন।
পরে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত আবু বকরের ছেলে ইউসুফ বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় মামলা করেন। মামলায় মাঈনসহ অন্যদের আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া নয়টার দিকে বেগমগঞ্জ থানার মজুমদার হাট এলাকার উষা কনফেকশনারির সামনে পাকা সড়ক থেকে মাঈনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতার মাঈনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।