হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসাছাত্রীর সন্ধান মেলেনি। মেয়েকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। পুলিশি তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। ছুটির পর অন্যরা বাড়ি ফিরলেও সে ফেরেনি। পরে মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পাওয়া যায়। তবে মীমের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং স্থানীয়ভাবে মাইকিং করা হয়। মীমের সন্ধানের দাবিতে মানববন্ধনও করেন স্থানীয়রা। তবে ১০ দিনেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, ‘মীমের নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।