জেলেদের বড়শিতে আটকা মাছ খেতে এসে মাছ ধরার লাইন ছিঁড়ে ফেলছে হাঙর। এতে নষ্ট হচ্ছে দামি সরঞ্জাম। এই ক্ষতি ঠেকাতে গ্রিনল্যান্ডের আভান্নাটা পৌরসভা হাঙর মারার জন্য পুরস্কারের প্রস্তাব দিয়েছে। প্রতিটি হৃৎপিণ্ড জমা দিলে মিলবে ৩০০ ড্যানিশ ক্রোনার বা প্রায় ৪৪ ডলার।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, পরিকল্পনায় এক হাজার গ্রিনল্যান্ড হাঙর নিধনের লক্ষ্য রাখা হয়েছে। তবে আইনি প্রশ্নে প্রস্তাবটি সাময়িকভাবে স্থগিত করেছে স্থানীয় সরকার। শত শত বছর বেঁচে থাকা এই প্রাণী নিধনের পরিকল্পনায় উদ্বিগ্ন বিজ্ঞানী ও সংরক্ষণকর্মীরা।
হ্যালিবাট ও কড ধরতে গভীর ঠান্ডা পানিতে হাজারো টোপযুক্ত বড়শির দীর্ঘ লাইন ফেলেন জেলেরা। হাঙর সেই মাছ খেতে গিয়ে লাইন ছিঁড়ে হাজারো বড়শি নিয়ে চলে যায়। সরঞ্জামের ক্ষতি ও মাছ ধরা বন্ধ থাকায় হাজার হাজার ডলার লোকসান হয়।
পশ্চিম উপকূলের ২৭ বছর বয়সী হেনরিক জেনসেন জানান, এ বছর প্রায় ছয় হাজার বড়শি হারিয়েছেন তিনি। কখনো দিনে ক্ষতি হয় ৩০ হাজার ক্রোনার। ভুলক্রমে ধরা হাঙর ছেড়ে না দিয়ে কুকুরদের খেতে দেন তিনি।
কুল্লোরসুয়াকের মৎস্যজীবী সমিতির সভাপতি টিমোথেউস পিটারসেন বলেন, একটি লাইনের দাম ১ হাজার ৫৯৯ ক্রোনার। লাইন ছিঁড়লে মাছ ধরা থামে। নতুন সরঞ্জামও কিনতে হয়।
গ্রিনল্যান্ডের অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ আসে বাণিজ্যিক মৎস্য আহরণ থেকে। মেয়র লার্স এরিক গ্যাব্রিয়েলসেনের মতে, জেলেদের আয় ও প্রজন্মের খাদ্যের জোগান রক্ষা প্রয়োজন।
তবে সংরক্ষণ সংস্থা ওএনকেএনের বক্তব্য, নিধনে সমাধান হবে না। অন্য অঞ্চল থেকে হাঙর এসে শূন্যস্থান পূরণ করবে।
বিশেষজ্ঞ জুলিয়াস নিলসেন জানান, দীর্ঘজীবী এই হাঙর দূরদূরান্তে বিচরণ করে। আর্কটিক ও গভীর উত্তর আটলান্টিকে এটি গুরুত্বপূর্ণ শিকারি। গত শতকের ব্যাপক বাণিজ্যিক শিকারের ক্ষতি সম্ভবত এখনো কাটেনি। পুরস্কারব্যবস্থা অন্য অঞ্চলে ছড়ালে ঝুঁকি বাড়বে। তাই বৈজ্ঞানিক পরামর্শেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।