সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভূমিহীন সংগঠন। এতে সার্বিক সহযোগিতা দেয় নিজেরা করি এনজিও।
মানববন্ধনে ভূমিহীন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা মুনিয়ার মৃত্যুকে নিরীহ এক শিক্ষার্থীর প্রতি চরম অন্যায় হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম, রীনা বেগম, খোদেজা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, জলবায়ু ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, নিজেরা করি সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী এবং রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান।
বক্তারা আরও বলেন, মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু বিচার না হলে সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। তাই দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।