বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তার পর প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস(ডব্লিউসিএল)। এক সময়ে ক্রিকেট অঙ্গনে দ্যুতি ছড়ানো ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাঠে ফিরছেন।
তবে টুর্নামেনট শুরুর পর পিসিবি সিদ্ধান্ত নিয়েছে তারা ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলকে অনাপত্তি সনদ দেবে না। গত বছরের বিতর্কের পর দেশটির ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছিল, তারা এবার সেই অবস্থান অনড় রয়েছে।এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং টুর্নামেন্ট আয়োজকদের সময়সূচির কিছু অংশ পুনর্বিবেচনা করতে হতে পারে।
টুর্নামেন্টে উদ্বোধনী দিনে শারজায় ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’-এর সাথে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’-এর ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা কারিগরি কারণ দেখিয়ে ম্যাচটি স্থগিত করে দেয়। আর পিসিবির এনওসি সংক্রান্ত সিদ্ধান্তও অপরিবর্তিত থাকে। জানা গেছে, টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগেই বোর্ড ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’-এর ব্যবস্থাপকদের তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
গত আসরে এই বিরোধের সূত্রপাত হয়েছিলেন, সে সময় ‘ইন্ডিয়া চ্যাম্পিয়নস’ ও ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’-এর বিপক্ষে দুটি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। একটি গ্রুপ পর্বে এবং অন্যটি সেমিফাইনালে। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এই অস্বীকৃতি জানিয়েছিল।
ওই ম্যাচগুলোর বিষয়টি নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল। পিসিবির মতে, টুর্নামেন্ট আয়োজকরা পরিস্থিতি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছিল। বিশেষ করে ভারতের খেলতে অস্বীকৃতি জানানোর পর পয়েন্টের বিষয়টি যেভাবে পরিচালনা করা হয়েছিল, তা নিয়ে বোর্ডের আপত্তি ছিল।
বোর্ড এই ঘটনাটিকে ক্রীড়া প্রতিযোগিতায় রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল, এমন পরিস্থিতিতে পাকিস্তানি খেলোয়াড়দের ডব্লিউসিএল-এর ভবিষ্যৎ আসরগুলোতে অংশ নেওয়া উচিত নয়। এছাড়া টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নামটি ব্যবহারের বিষয়েও তারা আপত্তি জানিয়েছিল।
এই বিরোধ এখন বোর্ডরুম থেকে ড্রেসিংরুম পর্যন্ত গড়িয়েছে। খবর অনুযায়ী, ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’-এর বেশ কয়েকজন খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন। তবে অধিনায়ক শহীদ আফ্রিদি ও সরফরাজ আহমেদের মতো কয়েকজন তারকা খেলোয়াড় টুর্নামেন্ট থেকে দূরেই রয়েছেন।
তবে দলের মালিক কামাল খান এখনো আশা করছেন, পিসিবি হয়তো তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এনওসি প্রদান করবে। আপাতত বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আগামী ১০ অক্টোবর দুবাইয়ে ‘ইন্ডিয়া চ্যাম্পিয়নস’ বনাম ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমনকি সাবেক তারকাদের পর্যায়েও ভারত-পাকিস্তান লড়াইকে ঘিরে বিপুল আগ্রহ থাকে, তা বিবেচনায় নিয়ে এই ম্যাচটিকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ একটি লড়াই হিসেবেই গণ্য করা হচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতে ৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’-এর তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে; এর ম্যাচগুলো শারজাহ ও দুবাইয়ে আয়োজিত হচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি অবসর নেওয়া আন্তর্জাতিক তারকাদের জাতীয় ‘চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলার সুযোগ করে দেয়। এই আয়োজনের মাধ্যমে ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতাগুলোকে পুনরায় জীবন্ত করে তোলে।
এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো এতে যোগ দিচ্ছে। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। হর্ষিত তোমর এই লিগটি প্রতিষ্ঠা করেন এবং অজয় দেবগন এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত আছেন। সাবেক আন্তর্জাতিক তারকাদের মাঠে ফিরিয়ে আনা এবং তাদের খেলোয়াড়ি জীবনের সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতাগুলোকে পুনরায় তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। গত আসরের ফাইনালে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’-কে পরাজিত করে শিরোপা জিতেছিল ‘সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস।