রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ বাবা-ছেলে আফছার আলী (৬০) ও জিয়ারুল ইসলামের (৪০) কোনো সন্ধান মেলেনি।
বুধবার (২৯ জুলাই) দ্বিতীয় দিনের মতো তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার দুপুরে পবা উপজেলার চরখানপুর এলাকা থেকে ঝাউগাছবোঝাই নৌকায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নৌকাডুবিতে আফছার আলী ও তার ছেলে নিখোঁজ হলেও জিয়ারুলের মা জাহেরা বেগম প্রাণে বেঁচে যান।
নিখোঁজদের স্বজনরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পবা উপজেলার শান্তিনগর এলাকায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম। জিয়ারুলের মা জাহেরা বেগম বলেন, “এখনও কোনো খোঁজ নেই। আল্লাহ জানেন, তাদের সঙ্গে আর দেখা হবে কি না।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশের থানাগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।