জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হওয়া এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্রাইজমানি আগামী বছরগুলোতে কোটির ঘরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।এবারের আসরে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ এবং রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করে তিনি বলেছেন, বর্তমান আয়োজন কেবল শুরু।
ভবিষ্যতে টুর্নামেন্টের প্রাইজমানির পাশাপাশি বোনাস মানিও কোটির ঘরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সায়েম সোবহান আনভীর বলেন, গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের বন্ধু ও দীর্ঘদিনের সহযোগী। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পুরস্কারের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়া কিন্তু আমাদের বন্ধু, মিডিয়া কিন্তু আমাদের সাথী, মিডিয়া কিন্তু আমাদের সঙ্গে সবসময় ছিল। কম দিয়ে কিপটামি করো না।’ চ্যাম্পিয়ন ৫০, রানারআপ ২৫ লাখ। টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণার প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর জানান, শুরুতে ১০ লাখ টাকা প্রাইজমানি রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পরে সেই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা ঘোষণা করে তিনি বলেন, ‘আমি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরটা পরেই বলি, যারা রানারআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ডিক্লেয়ার করলাম।’
চ্যাম্পিয়ন দলের পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে—অফকোর্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়নের তো কোনো বিকল্প নাই। যেহেতু চ্যাম্পিয়নের কোনো বিকল্প নাই, তো চ্যাম্পিয়নের বেশি পাওয়া উচিত।’
এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ টাকা নগদ প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৭৫ লাখ টাকা।
আগামীতে কোটির ঘরে প্রাইজমানি ও বোনাস
প্রথমবারের আয়োজনকে ভবিষ্যতে আরো বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমাদের জন্য এটা তো কেবল শুরু। আপনারা দোয়া করেন যেন আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে, আরো ভালো করে টুর্নামেন্টটি করতে পারি এবং আগামী বছরগুলো থেকে প্রাইজ মানি ও বোনাস মানি কোটির ঘরে নিয়ে যেতে পারি।’
তার এই ঘোষণায় এবিজি মিডিয়া কাপের পরবর্তী আসরগুলোতে পুরস্কারের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪৮টি গণমাধ্যম। সংবাদমাধ্যমে প্রতিদিন খবর তৈরি ও পরিবেশনের কাজে ব্যস্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এবার নিজেদের ফুটবল নৈপুণ্য দেখাবেন মাঠে।
শুধু ফাইনালেই নয়, টুর্নামেন্টের প্রতি ম্যাচেই থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কার রাখা হয়েছে।