শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুন্সীগঞ্জে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুটি নোহা গাড়ি, একটি নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যান, সাংবাদিক লেখা প্রেস স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, টর্চলাইট ও লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার বাদী আরপি এন্টারপ্রাইজের মালিক। তাঁর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্যবাহী গাড়ি পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা, ঢাকা মেট্রো-ন-২০-১৫২৬ নম্বরের একটি নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যানে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গাড়িটি গজারিয়া থানাধীন বালুয়াকান্দি সাকিনস্থ ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর টোল প্লাজা অতিক্রম করার পর একটি সাদা রঙের টয়োটা নোহা গাড়ি থেকে অজ্ঞাতনামা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ডভ্যানের চালককে থামার সংকেত দেন। চালক গাড়ি থামালে তাঁকে মারধর করে গাড়িতে মাদকদ্রব্য রয়েছে বলে ভয়ভীতি দেখানো হয়। পরে তাঁর মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে চালককে নোহা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় ডাকাত দলের একজন সদস্য পণ্যবাহী কাভার্ডভ্যানে অবস্থান করেন। পরে চালককে সঙ্গে নিয়ে ডাকাত দলের সদস্যরা কুমিল্লার একটি নির্জন স্থানে গিয়ে তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা ২৯ লাখ টাকা মূল্যের কাভার্ডভ্যান ও তাতে থাকা প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকার প্লাস্টিক দানা নিয়ে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি ডাকাতির মামলা করা হয়। পরে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ পিপিএম, সদর সার্কেল এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও পুলিশি কৌশল ব্যবহার করে অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ২৭ নভেম্বর ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নোহা গাড়ি, বাদীর লুট হওয়া একটি নীল ও সবুজ রঙের কাভার্ডভ্যান, একটি জেনারেটর লাইট, সাংবাদিক লেখা প্রেস স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, ১৫টি ছোট টর্চলাইট ও ১২টি লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজন জড়িত এবং তাঁদের কাছেও লুট হওয়া মালামাল রয়েছে বলে জানা গেছে। তাঁদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, মামলার বাদী চারজনের সম্পৃক্ততার কথা জানালে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারার ডাকাতি মামলায় পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর