মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেলা হলেও তাতে ভরসা পাচ্ছেন না ভুক্তভোগীরা। অস্থায়ী এই ব্যবস্থাকে ‘অর্থের অপচয়’ উল্লেখ করে নদীপাড়ের জনপদ ও বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় স্থায়ী কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগীরা জানান, বর্তমানে শ্রীপুর উপজেলার গঙ্গারামখালী, আমলসার, বদনপুর, মাঝাইল, নাকোল, কমলাপুর, কোদলা ও ঘসিয়ালসহ বিভিন্ন এলাকায় গড়াই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি রাত তাদের কাটছে শেষ ভিটেমাটিটুকু নদীগর্ভে তলিয়ে যাওয়ার আতঙ্কে।
সরেজমিনে দেখা যায়, ভাঙন রোধে এসব এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। তবে নদীর গভীরতা, তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে পাড় ধসে বালুভর্তি এসব বস্তাও নদীতে তলিয়ে যাচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বিগত বছরগুলোতেও এভাবে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুমে প্রবল স্রোতে সেগুলো ধসে যাওয়ায় প্রতি বছরই নতুন করে ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ রাস্তাঘাট গড়াইয়ের গর্ভে হারিয়ে যাচ্ছে। তাই কোনো ত্রাণ নয়, বরং স্থায়ীভাবে ব্লক বসিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গঙ্গারামখালী গ্রামের বাসিন্দা অরুণা বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, সরকার এত টাকা খরচ করে নদীতে জিও ব্যাগ ফেলছে, কিন্তু আমাদের কোনো উপকারেই আসছে না। নদীর প্রবল স্রোতে এসব ব্যাগ টিকছে না, চোখের সামনেই সব তলিয়ে যাচ্ছে।
একই গ্রামের আকাশ বিশ্বাস বলেন, প্রতি বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। এতে সাময়িক কাজ হলেও ভাঙন থামছে না। আমরা চাই, এই টাকায় নদীপাড়ে স্থায়ীভাবে ব্লক বসানো হোক। স্থায়ী সমাধান হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষা পাবে। বাপ-দাদার এ ভিটে ছাড়া কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই আমাদের।
ভাঙন আতঙ্কে দিন কাটানো শান্ত মণ্ডল জানান, জিও ব্যাগ দিয়ে গড়াই নদীর স্রোত ঠেকানো সম্ভব নয়। স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ না করলে অচিরেই তাদের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাসমিয়া আক্তার বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। গড়াই নদীর ভাঙন স্থায়ীভাবে রোধের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সন্তোষ কর্মকার বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে গঙ্গারামখালী, আমলসার, বদনপুর ও ঘসিয়াল এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গড়াই নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।